বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের জরুরি নির্দেশ

প্রাইম বার্তা অনলাইন
১০ জুলাই ২০২৬ ১০:০৭ পিএম
বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের জরুরি নির্দেশ

সারাদেশে বন্যা ও ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এগিয়ে আসতে প্রশাসন ও দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১০ জুলাই) বিকেলে বন্যাকবলিত এলাকার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করেন তিনি। এসময় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের সাথেও কথা বলেন প্রধানমন্ত্রী।

উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনার দায়িত্ব পেলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। পরিস্থিতি সরেজমিনে দেখতে শনিবার (১১ জুলাই) তিনি ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন চট্টগ্রাম সফরে যাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এছাড়াও বন্যাকবলিত এলাকায় চিকিৎসা সেবা ও ত্রাণ বিতরণ কার্যক্রম আরও জোরদার করতে নির্দেশনা দেন সরকারপ্রধান।

বিশেষ করে গর্ভবতী নারী ও শিশুদের জন্য চিকিৎসা ও ত্রাণ সহায়তা নিশ্চিত করতে বলেছেন তিনি। একইসাথে দুর্যোগের সুযোগে চুরি-ডাকাতি রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পর্যাপ্ত শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধ সরবরাহের ওপর জোর দেওয়া হয়েছে। বেশ কিছু এলাকায় পানি কমতে শুরু করলেও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...