শেরেবাংলা নগর ও মুগদায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৪
রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শেরেবাংলা নগর ও মুগদা থানার বিভিন্ন এলাকায় চলমান বিশেষ অভিযানে ২৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং নিয়মিত অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িতরা রয়েছেন।
শুক্রবার (১০ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার শেরেবাংলা নগর থানা এলাকায় অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়। এরা হলেন—হাকিম বাবু, মো. আলাউদ্দিন, মোহাম্মদ আলী, আহবাব নাদিদ জেনান, মো. রায়হান, মো. জাহিদ ও মো. মামুন।
অপরদিকে, মুগদা থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় তাদের এলাকার অপরাধপ্রবণ স্থানগুলোতে অভিয়ান পরিচালনা করে ১৭ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এদের মধ্যে মারুফ হোসেন রমজান, পারুল বেগম, সাইফুল ইসলাম, বিষু ওরফে শাহ আলম, রফিকুল ইসলাম, রাসেল, ইয়াকুব খান, রাফি, সুমাইয়া আক্তার, আরিফিন ইসলাম রনি, মো. সবুজ, মো. শফি, নুর মোহাম্মদ, শ্রী রাম প্রসাদ দাস, নুরুন্নবী, মো. হালিম ও মো. হৃদয় রয়েছেন।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সবাই বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ততার কারণে আটক হয়েছেন। তাদের মধ্যে অনেকের বিরুদ্ধে ইতিমধ্যে আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

