এয়ারলাইন্স ফুটবলে টাইব্রেকার জয়, চ্যাম্পিয়ন বিমান
দেশের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপের (এএফসি) শিরোপা জিতেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার (৪ জুলাই) গুলশান ইয়ুথ ক্লাব মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা ইউএস-বাংলা এয়ারলাইন্সকে টাইব্রেকারে পরাজিত করে এই গৌরব অর্জন করে। এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি)-এর আয়োজনে দুই দিনব্যাপী এই টুর্নামেন্টে দেশি-বিদেশি মোট ১৬টি এয়ারলাইন্স অংশ নেয়।
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কাতার এয়ারওয়েজকে ১-০ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে এয়ার ইন্ডিয়া। ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। পুরো আসরে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন বিমানের জাহাঙ্গীর আলম।
সমাপনী অনুষ্ঠানে মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, বিমান খেলায় চ্যাম্পিয়ন হয়েছে, তারা যেন তাদের কাজকর্মেও চ্যাম্পিয়ন হওয়ার প্রতিজ্ঞা করে। এছাড়া শুক্রবার (৩ জুলাই) টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। উদ্বোধনী দিনে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস এবং আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

