জাতীয় সংসদ প্রাঙ্গণে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বর্ষে সুরের আয়োজন
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সুরের মূর্ছনায় মুখরিত হয়ে উঠেছিল পরিবেশ। মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকায় মার্কিন দূতাবাস এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। শনিবার (৪ জুলাই) আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
মার্কিন সেনাবাহিনীর বিখ্যাত সঙ্গীতদল ‘ট্রপিক লাইটনিং ব্যান্ড’ এখানে ‘ফ্রিডম ২৫০’ শিরোনামে পরিবেশনা করে। তারা দুই দেশের জাতীয় সংগীতের পাশাপাশি কয়েকটি জনপ্রিয় বাংলা গানও পরিবেশন করে দর্শকদের চমকে দেয়। সুরের এই আয়োজন উপস্থিত দেশি-বিদেশি অতিথিদের মন্ত্রমুগ্ধ করে রাখে।
ডেপুটি স্পিকার কায়সার কামাল তার বক্তব্যে দুই দেশের পারস্পরিক ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, বাংলাদেশের সংসদ ভবনের নকশা প্রণেতা লুই কান এবং আমেরিকার স্থাপত্যে অবদান রাখা ফজলুর রহমান খান দুই জাতির ইতিহাসের অংশ। ১৯৭১ সালে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে জর্জ হ্যারিসনের আয়োজিত ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এখনো স্মরণীয়। আজকের এই আয়োজনও সেই মানবিক বন্ধনকে আরও দৃঢ় করবে।
তিনি যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে সেদেশের জনগণ ও সরকারের প্রতি অভিনন্দন জানান। সাংস্কৃতিক ও মানবিক এই সম্পর্ক ভবিষ্যতে আরও বেশি সুদৃঢ় হবে বলে আশাবাদী তিনি।

