বিশ্বকাপ দেখা নিয়ে বিরোধে বিএনপি নেতা হত্যা: মূল আসামিসহ গ্রেফতার ২

প্রাইম বার্তা অনলাইন
০৪ জুলাই ২০২৬ ৫:০৯ এএম
বিশ্বকাপ দেখা নিয়ে বিরোধে বিএনপি নেতা হত্যা: মূল আসামিসহ গ্রেফতার ২

রাজধানীর আদাবরে নবোদয় হাউজিং এলাকায় বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে বিএনপি নেতা আবুল বাশার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. সুমন ও কথিত হুকুমদাতা মো. শহীদকে গ্রেফতার করেছে র‍্যাব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার জামালপুর ও ময়মনসিংহ থেকে তাদের আটক করা হয়।

গত ২৯ জুন জাপান ও ব্রাজিলের মধ্যকার খেলা দেখা নিয়ে এলাকার সাদ্দাম ও বাদশা গ্রুপের সঙ্গে রিপন ও পারভেজ গ্রুপের বাদানুবাদ শুরু হয়। পরে ১ জুলাই সন্ধ্যায় সালিস বৈঠকে মীমাংসা না হওয়ায় ওই দিন রাত ৮টার দিকে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হলে চিকিৎসক হাসপাতালে নেওয়ার পর বাদশাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর র‍্যাব-২ এর একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে মূল আসামি সুমন জামালপুর সদর এবং শহীদ ময়মনসিংহের নান্দাইলে অবস্থান করছেন। র‍্যাব-২ ও র‍্যাব-১৪ এর যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। র‍্যাব জানায়, গ্রেফতার সুমনের বিরুদ্ধে এর আগে মাদক ও ডাকাতির প্রস্তুতিসহ দুটি মামলা রয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের গ্রেফতারে অভিয়ান চলছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...