অবসরপ্রাপ্ত ১৫০ সামরিক কর্মকর্তাকে পদোন্নতি ও আর্থিক প্রণোদনা

প্রাইম বার্তা অনলাইন
০৪ জুলাই ২০২৬ ৩:২১ এএম
অবসরপ্রাপ্ত ১৫০ সামরিক কর্মকর্তাকে পদোন্নতি ও আর্থিক প্রণোদনা

সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত, অপসারিত এবং বরখাস্ত হওয়া ১৫০ জন কর্মকর্তাকে স্বাভাবিক অবসর ও ভূতাপেক্ষ পদোন্নতি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত বুধবার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যেখানে সংশ্লিষ্টদের বকেয়া বেতন-ভাতা ও আর্থিক সুবিধা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ে চাকরি থেকে বঞ্চিত বা প্রতিহিংসার শিকার হওয়া কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) সৈয়দ ফাতেমী আহমেদ রুমী, সাবেক রাষ্ট্রপতির সামরিক সচিব লেফটেন্যান্ট জেনারেল (অব.) আমিনুল করিম এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আযমীর মতো ঊর্ধ্বতন কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন।

সুবিধাভোগীদের মধ্যে ১১৫ জন সেনাবাহিনীর, ২১ জন নৌবাহিনীর এবং ১৪ জন বিমানবাহিনীর সদস্য। অধিকাংশ কর্মকর্তার অকালীন অবসর বাতিল করে বয়সসীমা পূর্ণ হওয়া পর্যন্ত চাকরি বহাল রেখে স্বাভাবিক অবসর দেওয়া হয়েছে। এছাড়া লেফটেন্যান্ট জেনারেল থেকে শুরু করে কর্নেল পদ পর্যন্ত ভূতাপেক্ষ পদোন্নতি প্রদান করা হয়েছে। কয়েকজনকে ৩০ লাখ থেকে ১ কোটি টাকা পর্যন্ত আর্থিক প্রণোদনা এবং সরকারি ব্যবস্থাপনায় আবাসন সুবিধাও দেওয়া হচ্ছে।

গত ৩ মে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গঠিত উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশ ও তিন বাহিনীর সদর দপ্তরের মতামতের ভিত্তিতে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে যোগ্যতা অনুযায়ী সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পদায়নেরও সুযোগ রাখা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...