বিশ্বকাপ নিয়ে বিরোধে বিএনপি নেতা হত্যা: প্রধান আসামি সুমনসহ গ্রেফতার ২

প্রাইম বার্তা অনলাইন
০৪ জুলাই ২০২৬ ৩:৪৪ এএম
বিশ্বকাপ নিয়ে বিরোধে বিএনপি নেতা হত্যা: প্রধান আসামি সুমনসহ গ্রেফতার ২

রাজধানীর আদাবরে বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে বিএনপি নেতা আবুল বাশার বাদশাকে পরিকল্পিতভাবে খুনের ঘটনায় জড়িত প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-২। শুক্রবার র‍্যাব সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান জানান, গ্রেফতারকৃতরা হলেন মূল হোতা মো. সুমন (২৫) এবং কথিত মাস্টারমাইন্ড মো. শহীদ (৫৯)।

পুলিশ ও র‍্যাব সূত্রে জানা যায়, গত ২৯ জুন নবোদয় হাউজিং এলাকায় জাপান ও ব্রাজিলের মধ্যকার বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে ওই এলাকার বিএনপি নেতা সাদ্দাম হোসেন ও আবুল বাশার বাদশার সমর্থকদের সাথে রিপন ও পারভেজ গ্রুপের কথা কাটাকাটি হয়। ১ জুলাই সন্ধ্যায় এক সালিশ বৈঠকে বিষয়টির মীমাংসা না হলে, রাত ৮টার দিকে সালিশস্থল থেকে ফেরার পথে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হওয়া বাদশাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে সুমনকে জামালপুর সদর এবং শহীদকে ময়মনসিংহের নান্দাইল থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এছাড়া সুমনের বিরুদ্ধে ইতিমধ্যে মাদক ও ডাকাতির প্রস্তুতিসহ দুটি মামলা রয়েছে। অন্যদিকে এঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক শোয়েব ও কবিরকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...