দেশের সার্বিক উন্নয়নে সব স্কুলের মানোন্নয়ন জরুরি: সাঈদ আল নোমান

প্রাইম বার্তা অনলাইন
০৪ জুলাই ২০২৬ ৫:৫৪ এএম
দেশের সার্বিক উন্নয়নে সব স্কুলের মানোন্নয়ন জরুরি: সাঈদ আল নোমান

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, দেশের সামগ্রিক উন্নয়নের স্বার্থে এক-দুটি প্রতিষ্ঠানের উন্নতি নয়, বরং সব স্কুলের শিক্ষার মান একসঙ্গে উন্নত করা অপরিহার্য। শিক্ষার গুণগত মান নিশ্চিত করা গেলে আলোকিত সমাজ ও দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলা সম্ভব হবে। শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু বে ভিউ হোটেলে ইস্ট ডেল্টা ইন্টারন্যাশনাল স্কুল আয়োজিত অ্যানুয়াল নাইট ও গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাঈদ আল নোমান বর্তমান শিক্ষা ব্যবস্থার সমস্যাগুলো তুলে ধরে বলেন, অনেক স্কুলে একটি শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থী থাকার কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। পেছনের সারির শিক্ষার্থীরা শিক্ষকের বক্তব্য ঠিকমতো শুনতে পায় না। প্রতিটি শিক্ষার্থীর প্রতি যত্নশীল হওয়ার জন্য একটি শ্রেণিকক্ষে সর্বোচ্চ ২০ জন শিক্ষার্থী রাখার পরামর্শ দেন তিনি। তিনি জানান, তার নির্বাচনী এলাকার প্রায় ৬৫টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে বৈঠক করেছেন। তার মতে, নির্দিষ্ট কিছু স্কুল ভালো করলে বাংলাদেশ বদলাবে না, সামগ্রিকভাবে শিক্ষার মান উন্নত করতে হবে।

শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত আলোকিত সমাজ গঠন এবং জীবিকা নির্বাহের দক্ষতা অর্জন বলে মন্তব্য করেন তিনি। এজন্য শিক্ষাকে সময়োপযোগী ও বাস্তবমুখী করার ওপর জোর দেন এই সংসদ সদস্য। শিক্ষার্থীদের মধ্যে সুযোগের বৈষম্য দূর করে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি। তার বিশ্বাস, সঠিক শিক্ষা ব্যবস্থা প্রয়োগ করলে বাংলাদেশ থেকেও আইনস্টাইনের মতো মেধাবী বের হতে পারেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...