বিশ্বকাপ নিয়ে বিরোধে বিএনপি নেতা হত্যায় গ্রেফতার মূল দুই আসামি
রাজধানীর আদাবরে বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে বিএনপি নেতা আবুল বাশার বাদশাকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গত শুক্রবার র্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ও ময়মনসিংহ থেকে হত্যা মামলার মূল আসামি মো. সুমন এবং কথিত হুকুমদাতা মো. শহীদকে আটক করা হয়েছে।
প্রাপ্ত তথ্যমতে, গত ২৯ জুন জাপান ও ব্রাজিলের মধ্যকার বিশ্বকাপ ম্যাচ দেখা নিয়ে নবোদয় হাউজিং এলাকায় বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার ও সভাপতি সাদ্দাম হোসেনের সঙ্গে একই এলাকার রিপন ও পারভেজ গ্রুপের বাগ্বিতণ্ডা শুরু হয়। পরবর্তীতে ১ জুলাই সন্ধ্যায় সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে রাত ৮টার দিকে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক বাদশাকে মৃত ঘোষণা করেন।
এই হত্যাকাণ্ডের পর থেকেই আসামিদের শনাক্ত ও গ্রেফতারে র্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রধান আসামি সুমন জামালপুরে এবং শহীদ ময়মনসিংহের নান্দাইলে অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে র্যাব-২ ও র্যাব-১৪ এর যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এছাড়া এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক অপর দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। র্যাব জানিয়েছে, সুমনের বিরুদ্ধে ইতিমধ্যে মাদক ও ডাকাতির প্রস্তুতিসহ দুটি মামলা রয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

