মিয়ানমারে পাচারের আড়ালে সিমেন্ট, পতেঙ্গায় কোস্ট গার্ডের হাতে ৫ আটক

প্রাইম বার্তা অনলাইন
০৪ জুলাই ২০২৬ ৭:০০ এএম
মিয়ানমারে পাচারের আড়ালে সিমেন্ট, পতেঙ্গায় কোস্ট গার্ডের হাতে ৫ আটক

চট্টগ্রামের পতেঙ্গা উপকূলীয় অঞ্চলে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া এক চালান সিমেন্ট আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার সন্ধ্যায় পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৬০০ বস্তা সিমেন্ট ও একটি কাঠের বোট জব্দ করা হয়। পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করেছে কোস্ট গার্ড সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা। সন্দেহজনক নৌকাটিতে তল্লাশি চালালে সেখান থেকে আনুমানিক তিন লাখ টাকার সিমেন্ট পাওয়া যায়। শুল্ক ফাঁকি দিয়ে ও বৈধ কাগজপত্র ছাড়াই এই পণ্য মিয়ানমারে নেওয়া হচ্ছিল বলে জানা গেছে। পরে নৌকা ও পণ্যসহ পাঁচজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা সবাই কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা। তারা হলেন- নুরুল ইসলাম (২৬), মো. আকিব উদ্দিন (২১), মিজানুর রহমান (২৪), মো. হাসান (২৬) এবং মো. বাদশা (২০)। তাদের বিরুদ্ধে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শুক্রবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জব্দকৃত মালামাল ও আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে কোস্ট গার্ডের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...