নিয়োগ-পদোন্নতি কাজে কর্মচারীদের সম্মানী বাড়ালো অর্থ মন্ত্রণালয়

প্রাইম বার্তা অনলাইন
০২ জুলাই ২০২৬ ৬:২১ পিএম
নিয়োগ-পদোন্নতি কাজে কর্মচারীদের সম্মানী বাড়ালো অর্থ মন্ত্রণালয়

সরকারি বিভিন্ন দপ্তরে নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের সম্মানী ও ভাতার নতুন হার নির্ধারণ করেছে সরকার। গত বৃহস্পতিবার (২ জুলাই) অর্থ বিভাগের যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম স্বাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে বেশ কিছু খাতে সম্মানী বৃদ্ধির পাশাপাশি নতুন একটি ব্যয় খাত সংযুক্ত করা হয়েছে। পরিপত্রটি জারির তারিখ থেকেই এসব নির্দেশনা কার্যকর হবে এবং এর আগে জারি হওয়া ২০২৫ সালের ২০ অক্টোবরের ৩৩০ নম্বর স্মারক বাতিল করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পরীক্ষা পরিচালনায় সরাসরি জড়িত কর্মচারীদের দৈনিক সম্মানীর হার বাড়ানো হয়েছে। ৯ম গ্রেড ও তার ওপরের গ্রেডের কর্মীদের জন্য এই বরাদ্দ ১ হাজার ২০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৮০০ টাকা করা হয়েছে। ১০ম থেকে ১৬তম গ্রেডের কর্মচারীরা আগে ১ হাজার টাকা পেলেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২০০ টাকা। এছাড়াও ১৭তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের সম্মানী ৮০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া উত্তরপত্র নিরীক্ষণের জন্য নতুন খাত হিসেবে প্রতি খাতায় ১৫ টাকা সম্মানীর বিধান যুক্ত করা হয়েছে।

প্রশ্নপত্র প্রণয়ন, বোর্ড সদস্যদের সম্মানী এবং খাতা মূল্যায়নের বিদ্যমান হার অপরিবর্তিত রাখা হয়েছে। প্রশ্নপত্র তৈরি, বিভাগীয় পদোন্নতি কমিটির সভা এবং মৌখিক বা ব্যবহারিক পরীক্ষার বোর্ড সদস্যদের জন্য জনপ্রতি বা দৈনিক ৬ হাজার টাকা সম্মানী বহাল আছে। লিখিত ও এমসিকিউ খাতা পরীক্ষণের হার যথাক্রমে ১৩০ টাকা ও ৩৫ টাকা এবং পুনর্মূল্যায়নে ৫০ টাকা থাকছে। পরীক্ষার সময় আপ্যায়ন বা খাবারের ব্যয় ‘আর্থিক ক্ষমতা অর্পণ-২০২৬’ অনুযায়ী নির্বাহ করতে হবে, যেখানে দৈনিক সর্বোচ্চ দুবার নাশতার ব্যয় অনুমোদন করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...