৪০ সদস্যের এনসিইসিসি গঠন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে

প্রাইম বার্তা অনলাইন
০২ জুলাই ২০২৬ ৭:৫৯ পিএম
৪০ সদস্যের এনসিইসিসি গঠন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে

জাতিয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সমন্বিত উদ্যোগ নিতে ৪০ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে সরকার। ‘জাতীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটি’ (এনসিইসিসি) নামের এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, কমিটিতে স্থানীয় সরকার, অর্থ, স্বাস্থ্য, পরিকল্পনা, পরিবেশ অধিদপ্তর, ভূমি, মৎস্য ও প্রাণীসম্পদ, কৃষি, পানি সম্পদ, দুর্যোগ ব্যবস্থাপনা, সড়ক পরিবহন ও সেতু এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রীরা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। এছাড়া খাদ্য মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীরাও এই কমিটির অংশ হবেন।

উচ্চ পর্যায়ের এই কমিটিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান এবং পরিকল্পনা কমিশনের সদস্যরাও থাকছেন। এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক, বাংলাদেশ শিল্প বণিক সমিতির সভাপতি এবং মনোনীত দুইজন বিশেষজ্ঞ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব।

এনসিইসিসির মূল কাজ হবে জাতীয় পরিবেশ নীতি ও জলবায়ু পরিবর্তন বিষয়ক কৌশল প্রণয়ন এবং বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা। এছাড়া জাতিসংঘ সমন্বয়ে গৃহীত জলবায়ু সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন, আন্তঃমন্ত্রণালয় সমস্যা চিহ্নিতকরণ এবং সেগুলোর সমাধানের নির্দেশনা প্রদান করা এই কমিটির দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...