বিনিয়োগ বাড়াতে ভিসা প্রক্রিয়া সহজ করতে অনুমোদন পেল ‘ভিসা নীতি-২০২৬’
দেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে ‘ভিসা নীতি-২০২৬’ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই নীতিমালার অনুমোদন দেওয়া হয়। এতে ভিসাকে ৩৪টি ভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তিনি জানান, এতদিন পারস্পরিক বা ‘রেসিপ্রোসিটি’ নীতির ওপর ভিত্তি করে ভিসা দেওয়া হতো। তবে এখন আন্তর্জাতিক বাস্তবতায় অর্থনীতির চালিকা শক্তি হিসেবে বিদেশি বিনিয়োগকে অগ্রাধিকার দিতে চায় সরকার। নাসিমুল গনি বলেন, দেশে পর্যাপ্ত পুঁজির অভাব রয়েছে, তাই উন্নয়নের জন্য বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা জরুরি। এ লক্ষ্যে ভিসা নীতিমালা আরও সমৃদ্ধ ও কার্যকর করতে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। এতে স্বরাষ্ট্র, পর্যটন ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা থাকবেন।
নতুন এই নীতিমালা বাস্তবায়িত হলে বিদেশি বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের জন্য ভিসা প্রাপ্তির প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হবে। এটি দেশের অর্থনীতিতে গতি এনে বিদেশি মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতেও ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

