বাণিজ্য ও বিনিয়োগে নতুন দিগন্ত, মরক্কোর সঙ্গে সম্পর্ক জোরদারের আশা
আফ্রিকা ও ইউরোপের বাজারে প্রবেশের কৌশলগত কেন্দ্র বা স্ট্র্যাটেজিক হাব হিসেবে মরক্কোকে ব্যবহারের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। গত বুধবার (১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নবনিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত লাল্লা বুতাইনা এল কেরদৌদি এল কৌলালির সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের বৈঠকে এই প্রস্তাব ও আলোচনা হয়। দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে ঢাকা ও রাবাত একযোগে কাজ করবে বলে জানানো হয়েছে।
বৈঠকে তৈরি পোশাক, ওষুধশিল্প, পাটজাত পণ্য, সামুদ্রিক খাত, জাহাজ নির্মাণ এবং জনশক্তি রফতানির মতো খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। মরক্কোর রাষ্ট্রদূত তার দেশকে আফ্রিকা ও ইউরোপের বাজারে প্রবেশের সেতু হিসেবে উল্লেখ করে এসব খাতে যৌথ বিনিয়োগ ও যৌথ উদ্যোগ গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন। এছাড়াও ক্রীড়া, সংস্কৃতি এবং প্রযুক্তিখাতে সম্পর্ক জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বা পিপল-টু-পিপল কনট্যাক্ট বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি সাংস্কৃতিক ও ক্রীড়া বিনিময় কর্মসূচি সম্প্রসারণ, পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি এবং নিয়মিত দ্বিপক্ষীয় সংলাপের ওপর জোর দেন। রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে শামা ওবায়েদ ইসলাম দ্বিপাক্ষিক স্বার্থে বাংলাদেশ সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

