বহরে নতুন শক্তি, জাপানের ৫ পেট্রোল বোট পেল বাংলাদেশ নৌবাহিনী

প্রাইম বার্তা অনলাইন
০২ জুলাই ২০২৬ ১০:০০ পিএম
বহরে নতুন শক্তি, জাপানের ৫ পেট্রোল বোট পেল বাংলাদেশ নৌবাহিনী

সামুদ্রিক সীমান্তের নিরাপত্তা জোরদার এবং দুর্যোগ মোকাবিলায় দক্ষতা বাড়াতে বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হয়েছে জাপানের দেওয়া পাঁচটি আধুনিক ও দ্রুতগামী পেট্রোল বোট। গত বৃহস্পতিবার (২ জুলাই) আনুষ্ঠানিকভাবে এই বোটগুলো নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। জাপানের অফিসিয়াল সিকিউরিটি অ্যাসিসট্যান্স (OSA) কর্মসূচির আওতায় এই সহায়তা দেওয়া হয়, যা দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের নতুন দিগন্ত তৈরি করেছে।

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম এবং জাপানের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় উপমন্ত্রী শিমাদা তোমোয়াকির উপস্থিতিতে হস্তান্তর অনুষ্ঠানটি সম্পন্ন হয়। ২০২৩ সালের নভেম্বরে দুই দেশের মধ্যে চুক্তি সই হওয়ার পর চলতি বছরের ৬ ফেব্রুয়ারি এসব বোট চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। ইতিমধ্যে জাপানি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে বানৌজা নির্ভীকে নৌবাহিনীর সদস্যদের এই বোট পরিচালনা ও রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া সম্পন্ন হয়েছে।

প্রতিটি বোটের দৈর্ঘ্য ১৬ দশমিক ১৫ মিটার এবং এগুলো ঘণ্টায় ৩২ নটিক্যাল মাইল গতিবেগে চলতে সক্ষম। অগভীর নদী ও উপকূলীয় অঞ্চলে দ্রুত অভিযান পরিচালনার জন্য এই বোটগুলো বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এগুলো মানবিক সহায়তা, উদ্ধার অভিযান এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতাকে অনেকাংশে বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...