অতিরিক্ত বিদ্যুৎ বিল: দুর্নীতি করলেই কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

প্রাইম বার্তা অনলাইন
০৩ জুলাই ২০২৬ ১২:২৫ এএম
অতিরিক্ত বিদ্যুৎ বিল: দুর্নীতি করলেই কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

গত জুন মাসে বিদ্যুতের অস্বাভাবিক বিলের বিষয়টি নিয়ে আলোচনা ও লোডশেডিং পরিস্থিতি পর্যালোচনার জন্য বৃহস্পতিবার (২ জুলাই) এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। ভার্চুয়াল এই বৈঠকে বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ স্পষ্ট জানিয়ে দেন, অতিরিক্ত বিল প্রদানের ঘটনায় কোনো বিতরণ সংস্থার কর্মীর দুর্নীতির প্রমাণ মিললে তার বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিদ্যুৎ সচিবের সভাপতিত্বে জুম প্ল্যাটফর্মে আয়োজিত এই সভায় দেশের বিভিন্ন জেলার জেলা প্রশাসক (ডিসি), বিদ্যুৎ বিতরণ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। সভায় উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে বিপুলসংখ্যক গ্রাহক জুন মাসের অস্বাভাবিক বিলের প্রতিবাদ জানিয়েছেন। এর প্রেক্ষিতে বিতরণ কোম্পানিগুলোর কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়। জেলা প্রশাসকদের উদ্দেশ্যে প্রশ্ন রাখা হলে তারা জানান, এ ধরণের কোনো বড় অভিযোগ তাদের কাছে পৌঁছায়নি।

মিরানা মাহরুখ বলেন, কারিগরি বা করণিক ভুল হলে তা দ্রুত সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। তবে কেউ যদি ইচ্ছাকৃতভাবে অনিয়ম বা দুর্নীতি করেন এবং তদন্তে তা প্রমাণিত হয়, তবে তার বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি সব বিতরণ সংস্থাকে গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি করতে এবং সেবার মান উন্নত করতেও নির্দেশ দেন। এছাড়া লোডশেডিং পরিস্থিতি মোকাবিলা ও সোলার নেট মিটারিংয়ের অগ্রগতি নিয়েও সভায় আলোচনা হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...