বাণিজ্য ও বিনিয়োগে নতুন অধ্যায়, বাংলাদেশ-মরক্কোর সম্পর্ক জোরদার
বাণিজ্য, বিনিয়োগ এবং মানবসম্পদ খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ও মরক্কো। বুধবার (১ জুলাই) রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বাংলাদেশে নবনিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত লাল্লা বুতাইনা এল কেরদৌদি এল কৌলালির এক সৌজন্য সাক্ষাতে দুই দেশের এই কৌশলগত অংশীদারিত্ব জোরদারের বিষয়ে আলোচনা হয়।
বৈঠককালে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়। মরক্কোর রাষ্ট্রদূত তাঁর দেশকে আফ্রিকা ও ইউরোপের বাজারে প্রবেশের ক্ষেত্রে একটি ‘স্ট্র্যাটেজিক হাব’ বা কৌশলগত কেন্দ্র হিসেবে উল্লেখ করে তৈরি পোশাক, ওষুধশিল্প এবং সামুদ্রিক খাতে যৌথ বিনিয়োগের মাধ্যমে উভয়ের লাভবান হওয়ার সম্ভাবনার কথা তুলে ধরেন। এছাড়া পাট, জাহাজ নির্মাণ এবং জনশক্তি রপ্তানিতেও মরক্কো বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী বলে জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই প্রস্তাবে সম্মতি জানিয়ে দুই দেশের জনগোষ্ঠীর মধ্যে সরাসরি সংযোগ বা ‘পিপল-টু-পিপল কনট্যাক্ট’ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি সাংস্কৃতিক ও ক্রীড়া বিনিময় কর্মসূচি সম্প্রসারণ, পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি এবং উচ্চ পর্যায়ের নিয়মিত সফরের মাধ্যমে সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

