পূর্বাচলে ৪ থানা ও ৪১ পুলিশ বক্স, নতুন ঢাকার যাত্রা শুরু
রাজধানীর চাপ কমাতে এবং আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে পূর্বাচল নতুন শহর প্রকল্পকে প্রকৃত অর্থেই ‘নতুন ঢাকা’ হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন পুলিশ প্রধান। বুধবার (১ জুলাই) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধনকালে আইজিপি মো. আলী হোসেন ফকির এসব কথা বলেন। এই ক্যাম্প উদ্বোধনের মাধ্যমেই পূর্বাচলে পুলিশের আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা হলো বলে জানান তিনি।
আইজিপি জানান, পূর্বাচলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় করতে ডিএমপির অধীনে ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র, ২টি পুলিশ লাইনস এবং ৩টি ডিসি অফিস স্থাপনের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। এছাড়া প্রকল্পের বিভিন্ন সেক্টরে ৪১টি পুলিশ বক্স স্থাপন করা হবে। পুলিশের এই অবকাঠামোর জন্য রাজউক ২৯.২১ একর জমি বরাদ্দ দিয়েছে, যার ১৮.৬৩ একরের দলিল ইতোমধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে এখানে প্রায় ৬ হাজার ৫২৪ জন পুলিশ সদস্য নিয়োগের প্রস্তাবও বিবেচনাধীন রয়েছে।
আইজিপি আরও জানান, আগামী দুই মাসের মধ্যে প্রস্তাবিত দ্বিতীয় পুলিশ ক্যাম্পটির নির্মাণ কাজ শেষ হবে। ভবিষ্যতে পূর্বাচলকে ডিএমপির অধীনে একটি স্বতন্ত্র বিভাগ হিসেবে ঘোষণা করে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে এখানকার নিরাপত্তা ব্যবস্থা পরিচালনা করা হবে। এটি নগরায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

