সারাদেশে গড়ে উঠবে নতুন খেলার মাঠ, মাদরাসার জন্য ক্রীড়া প্রতিযোগিতা

প্রাইম বার্তা অনলাইন
০১ জুলাই ২০২৬ ১১:৩৫ এএম
সারাদেশে গড়ে উঠবে নতুন খেলার মাঠ, মাদরাসার জন্য ক্রীড়া প্রতিযোগিতা

দেশের মাদরাসা শিক্ষার্থীদের খেলাধুলায় আরও সম্পৃক্ত করতে জাতীয় পর্যায়ে পৃথক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার। একইসঙ্গে গ্রাম থেকে শহর সর্বত্র খেলার মাঠ তৈরি ও সংস্কারের ব্যাপক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে মহানগর থেকে শুরু করে গ্রামীণ এলাকা পর্যন্ত পর্যাপ্ত খেলার মাঠ তৈরি করা অত্যন্ত জরুরি। নতুন প্রজন্মকে মাদক ও ডিজিটাল নেশা থেকে দূরে রাখতে এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি ইউনিয়নে ৮ বিঘা জমির ওপর খেলার মাঠ নির্মাণ করা হবে। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে প্রাথমিক বিদ্যালয়ের মাঠ খেলাধুলার জন্য উন্মুক্ত রাখা হবে। এছাড়া সিটি করপোরেশন এলাকায় প্রতি দুইটি ওয়ার্ডে একটি করে ফুটসাল মাঠ তৈরি করা হবে। সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় এরইমধ্যে সম্ভাব্য মাঠগুলো চিহ্নিত করার কাজ শুরু হয়েছে।

বিভিন্ন মন্ত্রণালয় তাদের অধিগ্রহণ করা বা অব্যবহৃত জমি খেলার মাঠ হিসেবে ব্যবহারের আগ্রহ প্রকাশ করেছে। পানি সম্পদ মন্ত্রণালয় প্রায় ৪০ একর জমির তালিকা দিয়েছে। রেলপথ মন্ত্রণালয় তাদের অতিরিক্ত জমি এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় রাজউক ও সিটি করপোরেশনের আওতাধীন মাঠ সংস্কারের মাধ্যমে ব্যবহারের প্রস্তাব দিয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ সারাদেশে একই মানের অবকাঠামো নিশ্চিত করতে একটি স্ট্যান্ডার্ড ডিজাইন তৈরি করবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...