মেয়র শাহাদাতের দায়িত্বে আইনি প্রশ্ন, বাজেট পুনর্বিবেচনার দাবি
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালী বর্তমান মেয়র ডা. শাহাদাত হোসেনের দায়িত্ব পালনের আইনগত ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন। মঙ্গলবার (৩০ জুন) বাজেট পরবর্তী এক প্রতিক্রিয়া সভায় তিনি অভিযোগ করেন, নির্ধারিত সময়ের পর কোন আইনে ডা. শাহাদাত হোসেন মেয়রের দায়িত্ব পালন করছেন এবং কীভাবে তিনি নতুন অর্থবছরের বাজেট প্রণয়নের ক্ষমতা অর্জন করলেন, তা নিয়ে সরকারের স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন।
হেলালী বলেন, চলতি বছরের ২২ ফেব্রুয়ারিতে মেয়রের মেয়াদ শেষ হওয়ার পরও তিনি কীভাবে দায়িত্বে রয়েছেন তা জনসমক্ষে স্পষ্ট নয়। তিনি ২০২৬-২৭ অর্থবছরের ঘোষিত বাজেট পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। তার মতে, সিটি করপোরেশনের বাজেট কেবল আয়-ব্যয়ের হিসাব নয়, এটি নগর উন্নয়নের রূপরেখা ও নাগরিকদের প্রত্যাশার প্রতিফলন। কিন্তু ঘোষিত বাজেটে সেই প্রত্যাশার প্রতিফলন ঘটেনি।
এছাড়া চসিকের ৪১টি ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলর না থাকায় বাজেট বাস্তবায়নে জবাবদিহিতা ও জনঅংশগ্রহণ নিশ্চিত করা কঠিন হবে বলেও মনে করেন তিনি। তিনি অভিযোগ করেন, নগর পরিকল্পনাবিদ, প্রকৌশলী, ব্যবসায়ী প্রতিনিধি, নাগরিক সমাজ ও শিক্ষাবিদদের সঙ্গে কার্যকর পরামর্শ ছাড়াই বাজেট প্রণয়ন করা হয়েছে। আধুনিক নগর ব্যবস্থাপনার জন্য বাজেটে প্রশাসনিক সংস্কার, ডিজিটাল গভর্ন্যান্স ও সেবার মানোন্নয়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনার অভাব রয়েছে।

