‘না’ ভোটের মধ্যেও সরকারের দৃষ্টি আকর্ষণ, প্রকল্পে জরিপ ও স্বচ্ছতার দাবি আমির হামজার
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট আলোচনায় অংশ নিয়ে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মো. আমির হামজা গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেছেন। মঙ্গলবার সংসদে দায়কৃত ব্যয় ব্যতীত অন্যান্য সম্পর্কিত মঞ্জুরি দাবির ওপর ভোট গ্রহণ ও ছাঁটাই প্রস্তাবের আলোচনায় তিনি বলেন, প্রকল্প গ্রহণের পূর্বে সম্ভাব্য সমীক্ষা ও ব্যয় বিশ্লেষণ বাধ্যতামূলক করতে হবে। তিনি উল্লেখ করেন, সংসদে উত্থাপিত ১২টি প্রস্তাবের বেশিরভাগেই ‘না’ ভোট জয়লাভ করলেও সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য তিনি তার প্রস্তাবগুলো উপস্থাপন করছেন।
এ সময় সংসদ সদস্য প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর জোর দেন। তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে বিলম্ব হলে তা কঠোরভাবে তদারকি করতে হবে। রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে জনগণের প্রকৃত চাহিদা ও আঞ্চলিক বৈষম্য বিবেচনা করে প্রকল্প নির্বাচন করার পাশাপাশি দুর্নীতি ও অনিয়ম রোধে সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানান।
আমির হামজা আরও বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে নিয়মিত মূল্যায়ন ও সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ বাস্তবায়ন অত্যন্ত জরুরি। পরিকল্পনা মন্ত্রণালয়কে দক্ষতা ও জবাবদিহিমূলকভাবে কাজ করতে হবে যাতে করে জনগণের টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করা যায়।

