চট্টগ্রাম থেকে গ্রেফতার হলেন দিনাজপুরের আলোচিত জোড়া হত্যার দুই আসামি

প্রাইম বার্তা অনলাইন
৩০ জুন ২০২৬ ১:১০ পিএম
চট্টগ্রাম থেকে গ্রেফতার হলেন দিনাজপুরের আলোচিত জোড়া হত্যার দুই আসামি

দিনাজপুরের চিরিরবন্দরে সংঘটিত মর্মান্তিক জোড়া হত্যা মামলার অন্যতম দুই আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মো. সাদেকুল ইসলাম (৩০) ও মো. সাকিব (১৯)।

গত ১২ মে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার উত্তর পলাশবাড়ী এলাকায় জমিজমা ও পারিবারিক বিরোধের জেরে কুপিয়ে ও শাবল দিয়ে পিটিয়ে হত্যা করা হয় শহিদুল হক দুলু ও তার ছেলে জয়নাল আবেদিনকে। ঘটনাস্থলেই মারা যান বাবা শহিদুল, আর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় ছেলে জয়নালের। এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মামলার ওই দুই আসামি দীর্ঘদিন ধরে চট্টগ্রামের ইপিজেড থানা এলাকায় আত্মগোপন করে ছিলেন। র‍্যাব-৭ চট্টগ্রাম এবং র‍্যাব-১৩ রংপুরের যৌথ আভিযানিক দল সোমবার দুপুরে আকমল আলী রোড থেকে সাদেকুলকে এবং রাতে ইপিজেড এলাকার একটি হোটেলের সামনে থেকে সাকিবকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতার হওয়া দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ইপিজেড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...