চট্টগ্রামে নার্সিং শিক্ষায় ফ্রান্সের সহযোগিতা চাইলেন চসিক মেয়র

প্রাইম বার্তা অনলাইন
৩০ জুন ২০২৬ ৭:৪১ এএম
চট্টগ্রামে নার্সিং শিক্ষায় ফ্রান্সের সহযোগিতা চাইলেন চসিক মেয়র

আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন নার্সিং শিক্ষা নিশ্চিত করতে ফ্রান্সের সহযোগিতা কামনা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। সোমবার (২৯ জুন) বিকেলে টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে বাংলাদেশে নিয়োজিত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ প্রস্তাব দেন।

বৈঠকে মেয়র জানান, চসিক পরিচালিত নার্সিং ইনস্টিটিউটে ডিপ্লোমা কোর্সের পাশাপাশি চার বছর মেয়াদি ব্যাচেলর ডিগ্রি চালুর পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিতে দক্ষ নার্স তৈরির বিকল্প নেই। এ ক্ষেত্রে ফ্রান্সের অভিজ্ঞতা, কারিগরি সহায়তা ও জ্ঞান বিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দক্ষিণ এশিয়ার একটি আধুনিক স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে চট্টগ্রামকে গড়ে তুলতে আন্তর্জাতিক অংশীদারদের সাথে কাজ করতে চায় সিটি করপোরেশন।

এসময় ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে নারীর ক্ষমতায়ন, বর্জ্য ব্যবস্থাপনা, শিক্ষা, বাণিজ্য, জলাবদ্ধতা নিরসন, পর্যটন এবং ফ্রান্সের কোনো শহরের সাথে চট্টগ্রামের ‘সিস্টার সিটি’ সম্পর্ক স্থাপনের বিষয়ে আলোচনায় অংশ নেন। বৈঠকে ফরাসি উন্নয়ন সংস্থা এএফডির কান্ট্রি ডিরেক্টর সিনথিয়া মেলা চট্টগ্রাম ওয়াসার স্যানিটেশন প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন এবং এর সফল বাস্তবায়নে চসিকের সহযোগিতা প্রত্যাশা করেন। উভয় পক্ষ টেকসই নগর উন্নয়ন ও স্বাস্থ্য খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতার প্রতি গুরুত্ব আরোপ করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...