পানিতে ডুবে শিশুমৃত্যু রোধে সমাধানমুখী সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ
দেশে প্রতিদিন গড়ে প্রায় ৩০টি শিশুর অকাল মৃত্যু রোধে গণমাধ্যমকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষ সাংবাদিক ও নীতিনির্ধারকেরা। তাঁরা বলেন, সাধারণ দুর্ঘটনা হিসেবে না দেখে এর প্রকৃত কারণ ও সমাধান তুলে ধরে সমাধানমুখী এবং তথ্যনির্ভর সাংবাদিকতা অনুশীলনের মাধ্যমে জনসচেতনতা তৈরি করতে হবে।
সোমবার (২৯ জুন) রাতে রাজধানীর একটি হোটেলে ‘পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ, শিশুর প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষা’ শীর্ষক এক পরামর্শ সভায় এসব কথা বলা হয়। সমষ্টি মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এবং আন্তর্জাতিক সংস্থা সিনারগোসের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সোহরাব হাসান, সাইদুজ্জামান রওশন, রিয়াজ আহমদ, শহিদুল আজম, সালমা ইয়াসমিন, লিটন হায়দার, এস এম আকাশ, কাজল ঘোষ, শাহনাজ শারমীন ও পার্থ শংকর সাহা। সমষ্টির নির্বাহী পরিচালক মীর মাসরুরুজ্জামান সভাটি সঞ্চালনা করেন।
আলোচনায় জানানো হয়, এক থেকে পাঁচ বছর বয়সীদের জন্য কমিউনিটি চাইল্ড কেয়ার সেন্টার এবং বড় শিশুদের সাঁতার প্রশিক্ষণের মাধ্যমে এ ধরনের মৃত্যুর হার কমানো সম্ভব হয়েছে। বর্তমানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ১৬ জেলায় প্রকল্পের প্রথম ধাপ সম্পন্ন হয়েছে এবং নতুন পরিকল্পনা অনুযায়ী ৩০ জেলার ৭৯ উপজেলায় এই কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

