সামরিক মর্যাদায় সাবেক বিমানবাহিনী প্রধান রফিকুল ইসলামের দাফন সম্পন্ন

প্রাইম বার্তা অনলাইন
১৪ আগস্ট ২০২৬ ১০:৪৪ পিএম
সামরিক মর্যাদায় সাবেক বিমানবাহিনী প্রধান রফিকুল ইসলামের দাফন সম্পন্ন

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) মোহাম্মদ রফিকুল ইসলামের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার সকালে ঢাকা সেনানিবাসস্থ বিমানবাহিনী ঘাঁটি বাশারে তার মরদেহের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

ঘাঁটি বাশারের প্যারেড গ্রাউন্ডে আয়োজিত জানাজার নামাজে তিন বাহিনীর প্রধানরা অংশ নেন। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খন্দকার মিসবাহ উল আজিম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদ ও মরহুমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

শেষকৃত্যানুষ্ঠানে মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিমানবাহিনীর পক্ষ থেকে ফ্লাই-পাস্ট পরিচালনা করা হয়। পরে পূর্ণ সামরিক মর্যাদায় তাকে ঘাঁটি বাশারের শাহীন কবরস্থানে দাফন করা হয়। ১৯৫২ সালের ২ ফেব্রুয়ারি চাঁদপুরের মতলবে জন্মগ্রহণ করা এই দেশপ্রেমিক ১৯৬৮ সালে বিমানবাহিনীতে যোগদান করেছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...