হাসপাতালে মেঝেতে রোগীর দৃশ্যকে লজ্জাজনক বললেন শফিকুর রহমান

প্রাইম বার্তা অনলাইন
২৯ জুন ২০২৬ ৩:১৭ পিএম
হাসপাতালে মেঝেতে রোগীর দৃশ্যকে লজ্জাজনক বললেন শফিকুর রহমান

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট আলোচনায় অংশ নিয়ে দেশের স্বাস্থ্য ও শিক্ষা খাতের সংকট নিয়ে গুরুত্বপূর্ণ অভিমত তুলে ধরেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। সোমবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট অধিবেশনে তিনি স্বাস্থ্য ব্যবস্থাকে কপি-পেস্ট পদ্ধতিতে পরিচালিত হওয়ার কথা উল্লেখ করেন।

শফিকুর রহমান বলেন, পল্লী স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে মেডিকেল বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব জায়গায় ধারণক্ষমতার চেয়ে বহুগুণ বেশি রোগী চিকিৎসা নিতে আসে। ফলে হাসপাতালের মেঝেতে শুয়ে থাকতে হয় অসংখ্য রোগীকে। চিকিৎসাশাস্ত্রের সাবেক এই শিক্ষার্থী মনে করেন, নতুন প্রকল্প নেওয়ার আগে বিদ্যমান জনবল ও লজিস্টিক সংকট সমাধান করা সবচেয়ে জরুরি। একই সাথে তিনি অর্থ পাচার, দুর্নীতি ও জবাবদিহিতার অভাব দূর করে ইনসাফভিত্তিক বাজেট প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।

শিক্ষা খাতের বাস্তব চিত্র তুলে ধরে তিনি বলেন, বিশ্ব র্যাংকিংয়ে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের সম্মানজনক অবস্থান নেই। সুনির্দিষ্ট লক্ষ্য ও মিশনের অভাবে শিক্ষা ব্যবস্থা পিছিয়ে পড়ছে। রাজনৈতিক প্রাধান্যের কারণে দক্ষ ও যোগ্য মানুষদের সম্মান দেওয়া হচ্ছে না। এছাড়া কওমি মাদরাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ না থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। ইবতেদায়ী মাদরাসা ও এমপিওভুক্তির অপেক্ষায় থাকা শিক্ষকদের বিষয়েও দ্রুত সমাধানের দাবি জানান তিনি। পাহাড়ের বঞ্চিত জনগোষ্ঠীকে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগের মূলধারায় আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে করে আর কোনো দেশপ্রেমিক সেনা সদস্যকে প্রাণ হারাতে হবে না।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...