অতীতের ভ্যানিটি প্রজেক্ট: দেশের ঘাড়ে বড় ঋণের বোঝা বললেন প্রধানমন্ত্রী
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনায় অংশ নিয়ে বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩০ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে অধিবেশনে তিনি বলেন, আগের সরকারের অপরিকল্পিত ও লোকদেখানো প্রকল্পের কারণে বৈদেশিক ঋণ পরিশোধ নিয়ে দেশ আজ চরম সংকটের মুখোমুখি। কোনো রাজস্ব আয় ছাড়াই নেওয়া এসব ঋণের বোঝা বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে।
প্রধানমন্ত্রী জানান, সরকার গঠনের পর তারা একটি সম্পূর্ণ ভেঙে পড়া অর্থনীতির দায়িত্ব পেয়েছেন। দুর্নীতি, লুটপাট এবং সীমাহীন ঋণ গ্রহণের কারণে দেশের অর্থনীতি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। তিনি উল্লেখ করেন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে ঠেকেছিল, যার প্রভাবে টাকার মান ৪০ শতাংশ পর্যন্ত কমে গিয়েছিল। তবে এই সংকটকে কোনো অজুহাত হিসেবে ব্যবহার না করে রাজনৈতিক সদিচ্ছা নিয়েই তা মোকাবিলা করতে চান তিনি।
তারেক রহমান বলেন, জিডিপি প্রবৃদ্ধি মাত্র উন্নয়ন নয়, বরং সাধারণ মানুষের জীবনে স্বস্তি ফেরানোই প্রকৃত উন্নয়ন। তরুণদের কর্মসংস্থান, কৃষকের ন্যায্যমূল্য এবং উদ্যোক্তাদের হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। জনগণের আমানতের নিরাপত্তা রক্ষা করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলেও তিনি জানান।

