রাউজানে জেঠাতো ভাইয়ের হামলায় আহত যুবকের মৃত্যু, অভিযুক্ত পলাতক

প্রাইম বার্তা অনলাইন
২৯ জুন ২০২৬ ১১:৫০ এএম
রাউজানে জেঠাতো ভাইয়ের হামলায় আহত যুবকের মৃত্যু, অভিযুক্ত পলাতক

চট্টগ্রামের রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নে জেঠাতো ভাইয়ের দায়িত্বজ্ঞানহীন হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মোহাম্মদ আবদুল মন্নান সওদাগর (৩৭) নামে এক যুবক। গত বৃহস্পতিবার দুপুরে পারিবারিক কথাকাটাকাটির জের ধরে এই হামলার ঘটনা ঘটে। নগরীর একটি বেসরকারি হাসপাতালে রোববার দিনগত রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ জুন উপজেলার হলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জানিপাথর বাজার এলাকায় মন্নানের সাথে তার জেঠাতো ভাই শাহজানের কথাকাটাকাটি হয়। এরপর উত্তেজনার মধ্যে শাহজান কাঠ দিয়ে মন্নানের মাথায় সজোরে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিন দিন ধরে লড়াইয়ের পর তিনি মারা যান।

নিহত মন্নান সওদাগর হলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ কবির আহাম্মদের ছেলে। অভিযুক্ত শাহজান একই এলাকার সালেহ আহমদের পুত্র। ঘটনার পর থেকে শাহজান পলাতক রয়েছেন। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, নিহতের ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকাবাসীর মতে, হলদিয়া ইউনিয়নটি দীর্ঘদিন ধরে সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগজনক হয়ে উঠেছে। এর আগে গত বছরের ১ এপ্রিল একই ইউনিয়নের তীতা গাজীপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রকৌশলী মুহাম্মদ নুরুল আলম বকুল নিহত হন। এছাড়া চলতি বছরের ১৫ মার্চ একই ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় যুবদল কর্মী কমর উদ্দিন জিতু প্রাণ হারান। একের পর এক এমন ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বেড়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...