সাতকানিয়ায় খাসজমি নিয়ে বিরোধ: অপহরণের ৪ দিন পর দিনমজুরের মৃত্যু

প্রাইম বার্তা অনলাইন
২৯ জুন ২০২৬ ১১:৩৭ এএম
সাতকানিয়ায় খাসজমি নিয়ে বিরোধ: অপহরণের ৪ দিন পর দিনমজুরের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় খাসজমি নিয়ে বিরোধের জের ধরে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন নুরুল ইসলাম (৪০) নামের এক দিনমজুর। গুরুতর আহত অবস্থায় চারদিন হাসপাতালে লড়াইয়ের পর রোববার (২৮ জুন) চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।

নুরুল ইসলাম সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের বড়দুয়ারা উলা বাড়ির বাসিন্দা ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এক খণ্ড সরকারি খাসজমিতে বসবাস করলেও জমি ছেড়ে দিতে তাকে প্রায়ই হুমকি ও মারধরের শিকার হতে হয়েছে। ঘটনার দুই দিন আগে তাকে বসতবাড়ি ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেওয়া হলে তিনি সাতকানিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

নিহতের মামা মোহাম্মদ আনিস জানান, গত বুধবার রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বাজালিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড থেকে সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে নুরুলকে অপহরণ করা হয়। তখন তিনি ফোনে মায়ের সাথে কথা বলে জানান, তাকে মেরে ফেলা হচ্ছে। পরে সারারাত খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার সকালে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের সুয়ালক ব্রিজের নিচ থেকে তার আহত শরীর উদ্ধার করা হয়। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।

প্রথমে বান্দরবান সদর হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর শয্যার অপ্রতুলতার কারণে তাকে চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হলে ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) রকিব আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...