সাতকানিয়ার খাসজমি বিরোধ: অপহরণ ও নির্যাতনের পর দিনমজুরের মৃত্যু

প্রাইম বার্তা অনলাইন
২৯ জুন ২০২৬ ১০:২৭ এএম
সাতকানিয়ার খাসজমি বিরোধ: অপহরণ ও নির্যাতনের পর দিনমজুরের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নে খাসজমি নিয়ে বিরোধের জের ধরে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন নুরুল ইসলাম (৪০) নামের এক দিনমজুর। চিকিৎসাধীন অবস্থায় চার দিন মৃত্যুর সাথে লড়াই করে রোববার (২৮ জুন) সকালে চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।

নুরুল ইসলাম সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের বড়দুয়ারা গ্রামের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে একটি সরকারি খাসজমিতে বসবাস করে আসছিলেন। ওই জমি থেকে উচ্ছেদ করতে প্রতিপক্ষ তাকে বারবার হুমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত বুধবার রাতে কাজ থেকে ফেরার পথে তাকে অটোরিকশায় তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। নুরুলের মামা মোহাম্মদ আনিস জানান, অপহরণের সময় নুরুল তার মায়ের ফোন করে বলেছিলেন, ‘মা, আমাকে মেরে ফেলছে’। এরপরই ফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বৃহস্পতিবার সকালে বান্দরবানের সুয়ালক ব্রিজের নিচ থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

শরীরের বিভিন্ন স্থানে ও মাথায় গুরুতর আঘাতের চিহ্ন থাকায় তাকে প্রথমে বান্দরবান সদর হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউ সিট খালি না থাকায় তাকে চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) রকিব আলী জানান, ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবার।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...