নিরাপদ সড়ক ও পরিচ্ছন্ন পরিবেশের লক্ষ্যে রায়েরবাজারে সড়কসাথীর কর্মশালা
নিরাপদ সড়ক, জলবায়ু সচেতনতা এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ‘সড়কসাথী’ প্রকল্পের অধীনে তৃতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ জুন রাজধানীর রায়েরবাজার উচ্চ বিদ্যালয়ে এই আয়োজন করা হয়, যেখানে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির প্রায় ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরিবেশ রক্ষায় সক্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘একুইমেন হ্যাভেন’ এর উদ্যোগে আয়োজিত এই কর্মশালা সঞ্চালনা করেন সংস্থাটির ফেলো আফরোজা আক্তার তৃষা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন নেসা এই কর্মশালার উদ্বোধনী বক্তব্য প্রদান করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রান্সপোর্ট প্রফেশনালস ফাউন্ডেশন, বাংলাদেশের (টিপিএফবি) সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী কাজী মনজুর করিম মিতুল। এছাড়াও ‘ওয়ার্ক ফর আ বেটার বাংলাদেশ’ এনজিওর স্বেচ্ছাসেবী প্রমা সাহা ও নাইমা এবং ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ারিং ক্লাবের সদস্য মাহিম ও মাশরুফ স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন।
কর্মশালায় শিক্ষার্থীদের মাঝে উপযোগী অডিও-ভিজ্যুয়াল অ্যানিমেশন কনটেন্ট উপস্থাপন করা হয়, যা তাদের মধ্যে সচেতনতা ও ইতিবাচক মনোভাব তৈরি করবে বলে আশা করা হচ্ছে। আয়োজক ও অতিথিরা শিক্ষার্থীদের সাথে কুইজ ও ইন্টারেক্টিভ গেমসে অংশ নেন, যা পুরো আয়োজনটি আনন্দমুখর করে তোলে। এসময় টিপিএফবি-এর ট্রেজারার আমিন উজ জামান মাদানী তার প্রতিষ্ঠান রেডকন-এর পক্ষ থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন।

