নাঈম হাসানকে নির্যাতন: তদন্তে সত্যতা, তিন পুলিশের শাস্তির সুপারিশ
জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়ায় খুলশী থানার তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি। রোববার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলীর কাছে এই প্রতিবেদন জমা দেওয়া হয়।
পুলিশ কমিশনার জানান, তদন্তে ওই তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিলেছে। তারা অপেশাদার ও শৃঙ্খলাবিরোধী আচরণ করেছেন। ঘটনার পর দুজনকে সাময়িক বরখাস্ত করা হলেও এবার তদন্ত কমিটি আনুষ্ঠানিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। এছাড়া ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য সাত দফা কৌশলগত সুপারিশও প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে।
গত ১২ জুন রাতে লালখান বাজার এলাকায় স্বর্ণ চোরাচালানের সন্দেহে নাঈম হাসানকে তল্লাশির নামে গাড়ি থেকে নামিয়ে পুলিশ ভ্যানে তোলা হয়। পরিচয়পত্র দেখানোর পরও খুলশী থানার এসআই শফিকুল ইসলাম ও অপর এক সদস্য তাকে লাঠি ও পাইপ দিয়ে পেটান। পরে বিসিবি কর্মকর্তাদের হস্তক্ষেপে তিনি মুক্তি পান।

