মঠবাড়িয়ায় গভীর রাতে বাড়িতে হামলা: বিএনপি নেতা কুপিয়ে আহত, ছেলে গুলিবিদ্ধ
পিরোজপুরের মঠবাড়িয়ায় ডাকাতির উদ্দেশ্যে বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। গভীর রাতে দুর্বৃত্তরা টিকিকাটা ইউনিয়ন বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম স্বপন হাওলাদারের (৫০) বাড়িতে ঢুকে তাকে কুপিয়ে গুরুতরভাবে জখম করেছে বলে জানা গেছে। একই ঘটনায় তার ছেলে মেহেদী হাসান (২০) গুলিবিদ্ধ হয়েছেন। পরিবারের পক্ষের দাবি, এ সময় স্বপন হাওলাদারের স্ত্রীকেও পিটিয়েছে হামলাকারীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২ অক্টোবর) দিনগত রাত প্রায় দুইটার দিকে উপজেলার টিকিকাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব ভেচকি গ্রামের হাওলাদার বাড়িতে এই হামলা সংঘটিত হয়। আহত মেহেদী হাসানের ভাষ্য অনুযায়ী, রাতের আঁধারে ১০ থেকে ১৫ জনের একটি বাহিনী বাড়ির দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। পরে তারা পরিবারের সদস্যদের ওপর মারপিট চালায় এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। তিনি জানান, তার দিকে মোট তিনটি গুলি ছোড়া হয়, যার মধ্যে দুটির অংশ উদ্ধার করা গেছে এবং অবশিষ্ট একটি গুলি এখনো তার হাতে আটকে রয়েছে।
স্বজনদের ব্যবস্থায় আহত দুজনকে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পরও অবস্থার উন্নতি না হলে চিকিৎসকেরা তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে দুজনই সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শেখ হেলাল উদ্দিন জানিয়েছেন, গোলাগুলির ঘটনার খবর পুলিশের কাছে পৌঁছেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পূর্বশত্রুতার জেরে ঘটেছে। তিনি বলেন, গুলিবিদ্ধ একজন ও কুপিয়ে গুরুতর আহত অন্যজন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

