ঢাকা ছাড়ছেন ডিএমপির ১১ পরিদর্শক, রেঞ্জ-ইউনিটে নতুন দায়িত্ব
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অধীনে কর্মরত ১১ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে জনস্বার্থ বিবেচনায় রাজধানীর বাইরে বিভিন্ন রেঞ্জ ও ইউনিটে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে অ্যাডিশনাল আইজিপি (অ্যাডমিন) এ কে এম আওলাদ হোসেনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. মহিদুল ইসলামকে সিলেট রেঞ্জে (সিলেট রেঞ্জ অফিসে সংযুক্তি বহালসহ) এবং সিরাজুল ইসলাম খানকে চট্টগ্রাম রেঞ্জে পাঠানো হয়েছে। একই সঙ্গে তোফায়েল আহমেদ ও মো. হাফিজুর রহমানকে রংপুর রেঞ্জে, মো. মেহেদী হাসান ও মো. নজরুল ইসলামকে এপিবিএনে এবং ঠাকুর দাস মালোকে নৌ-পুলিশে বদলি করা হয়েছে।
এছাড়া এস কে খোদা নেওয়াজকে ট্যুরিস্ট পুলিশে, মো. ইয়ামিন কবীরকে চট্টগ্রাম রেঞ্জে, মো. আলমগীর সিদ্দিককে বরিশাল রেঞ্জে এবং মো. নূর আলমকে খুলনা রেঞ্জে দায়িত্ব দেওয়া হয়েছে।
আদেশে উল্লেখ করা হয়েছে, আগামী ৭ অক্টোবরের মধ্যে বদলিকৃত কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ করে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ে যোগদান না করলে ৮ অক্টোবর, ২০২৬ তারিখ থেকে তাৎক্ষণিকভাবে তারা অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ হয়েছেন বলে গণ্য হবেন।

