নিউইয়র্কে আজ শপথ নেবেন ইউএনজিএ ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমান
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে তার শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজিত হবে। আগামী এক বছর বিশ্বসংস্থার সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল বহুপাক্ষিক ফোরামটির নেতৃত্ব দেবেন তিনি।
বাংলাদেশ সময় রাত ৯টায় সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সমাপনীপর্ব শুরু হবে। একই আয়োজনের মধ্যেই ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি হিসেবে ড. খলিলুর রহমান শপথ নেবেন। জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশের প্রতিনিধির দায়িত্ব পালন আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে বলে মনে করা হচ্ছে।
শপথ নেওয়ার পূর্বে বাংলাদেশ সময় রাত ৮টা ৪৫ মিনিটে তিনি একটি মিডিয়া ব্রিফিংয়ে অংশ নেবেন। ওই সময় আসন্ন অধিবেশনে সাধারণ পরিষদের কার্যক্রম কীভাবে পরিচালনার পরিকল্পনা রয়েছে, সে বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি ব্যক্ত করবেন পররাষ্ট্রমন্ত্রী। শপথগ্রহণ শেষে দিন ঘুরে বাংলাদেশ সময় রাত ১টায় ৮১তম অধিবেশনের প্রথম প্লেনারি সভায় সভাপতিত্ব করবেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। জাতিসংঘের এমন মর্যাদাপূর্ণ দায়িত্বে বাংলাদেশি কূটনীতিকের অধিষ্ঠিত হওয়াকে দেশের পররাষ্ট্রনীতির সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

