অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি করল পুলিশ সদর
দেশজুড়ে পুলিশের বিভিন্ন ইউনিটে বড় পরিবর্তন আনা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে একসঙ্গে নতুন কর্মস্থলে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই বদলির আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, এসবি ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফায়েল হোসেন সরকারের নতুন ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া। একই ইউনিটের মো. রবিউল ইসলাম দায়িত্ব নেবেন গোপালগঞ্জে। গাজীপুর কালীগঞ্জ সার্কেলের মো. আসাদুজ্জামান যাচ্ছেন কিশোরগঞ্জের কটিয়াদী সার্কেলে, আর কটিয়াদীর মো. তোফাজ্জল হোসেন পাচ্ছেন শিল্পাঞ্চল পুলিশের দায়িত্ব।
তদন্ত শাখা এসবির অতিরিক্ত পুলিশ সুপার মাহিন ফরাজী বরিশালের গৌরনদী সার্কেলে যোগ দেবেন। পুলিশ হেডকোয়ার্টার্স থেকে সিআইডিতে স্থানান্তরিত হচ্ছেন তানজিনা চৌধুরী। র্যাবের এস এম আরিফ রাইয়ানের নতুন কর্মস্থল চট্টগ্রামের পটিয়া সার্কেল। গাইবান্ধা বি সার্কেলের শেখ মুত্তাজুল ইসলাম গাজীপুর কালীগঞ্জ সার্কেলে দায়িত্ব পাচ্ছেন। এছাড়া বরিশাল গৌরনদী সার্কেলের আবু ছালেহ মো. আনসার উদ্দীনকে বরিশাল বিএমপিতে অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
আদেশে স্পষ্ট করে বলা হয়েছে, বদলি ও পদায়নকৃত প্রত্যেক কর্মকর্তাকে আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তা করতে না পারলে ২০ সেপ্টেম্বর থেকে সংশ্লিষ্ট কর্মকর্তা তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।

