বন্দর বিদেশি হাতে, স্লোগানে বাংলাদেশ: আনু মুহাম্মদের বিস্ফোরক মন্তব্য

প্রাইম বার্তা অনলাইন
০৮ সেপ্টেম্বর ২০২৬ ৪:১১ পিএম
বন্দর বিদেশি হাতে, স্লোগানে বাংলাদেশ: আনু মুহাম্মদের বিস্ফোরক মন্তব্য

জাতীয় স্বার্থের প্রশ্নে সরকারের বিরুদ্ধে প্রকাশ্য ক্ষোভ দেখিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ও অর্থনীতিবিদ আনু মুহাম্মদ। তাঁর অভিযোগ, সরকার স্লোগান দেয় ‘সবার আগে বাংলাদেশ’, অথচ বাস্তব কর্মকাণ্ডে দেশের চেয়ে আগে দাঁড়ায় সাম্রাজ্যবাদী ও মার্কিন স্বার্থ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

মিডিয়া অ্যান্ড সিভিল রাইটস সোসাইটির উদ্যোগে ‘চট্টগ্রাম বন্দর ও জাতীয় স্বার্থ’ শীর্ষক সেই আলোচনা সভায় আনু মুহাম্মদ বলেন, কার্যত যা ঘটছে, তাতে সবার আগে যুক্তরাষ্ট্র কিংবা ট্রাম্পের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বাংলাদেশের মানুষ কিন্তু এমন কোনো অগ্রাধিকারের জন্য ভোট দেয়নি বলেও উল্লেখ করেন তিনি।

চট্টগ্রাম বন্দরকে তিনি দেশের অর্থনীতির হৃদপিণ্ড বলে অভিহিত করে জানান, দেশের আমদানি-রপ্তানির প্রায় ৯০ শতাংশই এই বন্দরের মাধ্যমে সম্পন্ন হয়। এত গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিয়ন্ত্রণ বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার ঘটনার সঙ্গে অন্য দেশের বন্দর ব্যবস্থাপনার কোনো তুলনাই চলে না। তিনি ব্যাখ্যা করে বলেন, কোনো দেশের যদি ১০-২০টি কিংবা ১০০টি বন্দর থাকে এবং সেখান থেকে ৫-৬টি বিদেশি কোম্পানিকে দেওয়া হয়, তবে তার আলাদা অর্থ আছে। কিন্তু যে একটি মূল বন্দরের ওপর পুরো দেশের অর্থনীতি নির্ভরশীল, সেটি অন্যের হাতে ছেড়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

দেশীয় সক্ষমতার প্রসঙ্গ তুলে ধরে এই অর্থনীতিবিদ দাবি করেন, নৌবাহিনীসহ দেশের বেসরকারি প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ক্ষেত্রে ইতিমধ্যেই দক্ষতার প্রমাণ দিয়েছে। তাঁর মতে, রাষ্ট্রীয়ভাবে সুপরিকল্পিতভাবে বন্দর পরিচালনা করা হলে জাতীয় সক্ষমতার একটি মজবুত ভিত্তি দাঁড় করানো সম্ভব হতো। অথচ কোনো সরকারই সেই পথে হাঁটেনি—এমন দুঃখ প্রকাশ করে তিনি বক্তব্য শেষ করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...