১৬ ডিসেম্বরে যাত্রীসেবা শুরু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনালে

প্রাইম বার্তা অনলাইন
০৮ সেপ্টেম্বর ২০২৬ ৩:৩৫ পিএম
১৬ ডিসেম্বরে যাত্রীসেবা শুরু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনালে

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল যাত্রা শুরু করছে আগামী ১৬ ডিসেম্বর। বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, প্রথম দিকে এক-দুটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে টার্মিনালের কার্যক্রম শুরু হবে এবং পর্যায়ক্রমে তা পূর্ণাঙ্গ রূপ নেবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তৃতীয় টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব তথ্য দেন। তিনি বলেন, টার্মিনালটি সম্পূর্ণ চালু হলে শাহজালালের যাত্রী হ্যান্ডলিং সক্ষমতা বেড়ে প্রায় চার গুণ হবে। একইসঙ্গে একসঙ্গে সর্বোচ্চ ২৫০টি এয়ারক্রাফট পরিচালনার উপযোগী অবকাঠামো গড়ে উঠছে এখানে।

বিমানবন্দরের নাম নিয়ে আলোচনার প্রেক্ষাপটে মন্ত্রী পরিষ্কার করেন, নাম বদলানোর কোনো পরিকল্পনা সরকারের নেই; তৃতীয় টার্মিনাল দ্রুত চালু করাই এখন সরকারের অগ্রাধিকার। তিনি জানান, জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনার পর প্রকল্পের রাজস্বে বাংলাদেশের অংশ ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৭ শতাংশ করা হয়েছে। এছাড়া প্রকল্পের প্রায় ৯০০ কোটি টাকা ঋণের কিস্তি পরিশোধের প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।

যাত্রীসেবার মানোন্নয়নে কঠোর অবস্থানে মন্ত্রী। তার ভাষায়, বিমান অবতরণের ১৫ মিনিটের মধ্যে যাত্রীর হাতে লাগেজ পৌঁছে দিতে হবে; ব্যর্থ হলে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জরিমানা আরোপ করবে। নতুন টার্মিনালের ৫০ শতাংশ গ্রাউন্ড হ্যান্ডলিং দায়িত্ব পালন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মন্ত্রীর প্রত্যাশা, এই আধুনিক অবকাঠামো বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...