ডেঙ্গু ঠেকাতে ৩ মাসের বিশেষ অভিযান, শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ডেঙ্গুর বিস্তার ঠেকাতে দেশজুড়ে শুরু হচ্ছে তিন মাস মেয়াদি একটি বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি। আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) এই অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে আয়োজিত সভায় আগামী তিন মাসকে ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ সময় হিসেবে বিবেচনা করে দেশবাসীকে কর্মসূচিতে সক্রিয়ভাবে যুক্ত থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান।
সভায় প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য কেবল মশক নিধনের ওপর নির্ভরশীলতা কার্যকর হবে না; এর সঙ্গে পরিচ্ছন্নতা ও জনসচেতনতাকে অগ্রাধিকার দিতে হবে। তিনি স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সমন্বিতভাবে মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন।
সরকারের এই বিশেষ উদ্যোগে মহানগর এলাকায় কার্যক্রম সমন্বয় করবেন সংশ্লিষ্ট সিটি করপোরেশন, জেলা পর্যায়ে জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা। এই অভিযানে যুক্ত হবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্বেচ্ছাসেবক, স্কাউট, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), গার্ল গাইডস ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যদের পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থীরাও।
সব স্তরের অংশগ্রহণে গড়ে ওঠা এই কর্মসূচি ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ সময়ে দেশের স্বাস্থ্যপরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।

