যানজট কমাতে ঢাকার চারপাশে ২-৩ মাসের মধ্যেই ফিরছে ওয়াটার বাস
ঢাকার বুড়িগঙ্গাসহ আশপাশের নদীপথে আবার ছুটবে ওয়াটার বাস। রাজধানীর যানজট নিরসন এবং নৌপরিবহনকে জনপ্রিয় করে তুলতে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এই সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে এ ঘোষণা আসে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, গত এক দশক ধরে ঢাকার চারপাশে ওয়াটার বাস চালু থাকলেও অব্যবস্থাপনার কারণে খাতটি বড় অঙ্কের ক্ষতির মুখে পড়েছে। এ সময়ে ৫৭ কোটি টাকা লোকসান হয়েছে, যা বছরের হিসাবে প্রায় ৫ কোটি ৭০ লাখ টাকার সমান। তবে বিআইডব্লিউটিএ ইতিমধ্যে সমস্যাগুলো চিহ্নিত করেছে জানিয়ে তিনি আশ্বস্ত করেন, যাত্রীদের অবাধ চলাচল নিশ্চিত করে দ্রুতই ওয়াটার বাস পরিষেবা নামানো হবে।
নদী দূষণ নিয়েও মন্ত্রী সংসদে মন্তব্য করেন। তার ভাষায়, বুড়িগঙ্গাসহ ঢাকার আশপাশের নদীগুলোর দূষণের পেছনে ভূমিকা রাখছে এমন ৪২৪টি স্পট শনাক্ত করা গেছে, যেখান থেকে কেমিক্যাল, তরল ও কঠিন বর্জ্য নদীতে গিয়ে পড়ে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ওয়াসা, সিটি করপোরেশন, বিআইডব্লিউটিএ ও পানি সম্পদ মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে। শিল্পকারখানার বর্জ্য নদীতে পড়া ঠেকাতে পরিবেশ ও শিল্প মন্ত্রণালয় কঠোর পদক্ষেপ নিয়েছে।
নদীপথ দূষণমুক্ত হওয়ার পাশাপাশি ওয়াটার বাস সফলভাবে পরিচালিত হলে ঢাকার যানজট মোকাবিলায় নৌপথ নির্ভরযোগ্য বিকল্প হিসেবে আত্মপ্রকাশ করবে বলে প্রত্যাশা করছে সংশ্লিষ্টরা।

