রয়েল বেঙ্গল টাইগার সংরক্ষণে আগামী দ্বিপক্ষীয় বৈঠক বাংলাদেশে

প্রাইম বার্তা অনলাইন
০৭ সেপ্টেম্বর ২০২৬ ৬:৫২ পিএম
রয়েল বেঙ্গল টাইগার সংরক্ষণে আগামী দ্বিপক্ষীয় বৈঠক বাংলাদেশে

রয়েল বেঙ্গল টাইগার ও সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বাংলাদেশ ও ভারতের আগামী যৌথ ও দ্বিপক্ষীয় বৈঠক আয়োজিত হবে বাংলাদেশে। অন্যদিকে আন্তঃসীমান্ত এশীয় হাতি সংরক্ষণবিষয়ক পরবর্তী সভাটি হবে ভারতের মাটিতে। সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সৌজন্য সাক্ষাতে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানমও উপস্থিত ছিলেন। দুই দেশের মধ্যে বিদ্যমান সমঝোতা স্মারকের আওতায় গঠিত যৌথ ওয়ার্কিং গ্রুপের পরবর্তী বৈঠক বাংলাদেশে আয়োজনের বিষয়ে উভয়পক্ষের সম্মতি মেলে। এছাড়া বৈঠকে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, সীমান্তবর্তী পরিবেশগত সমস্যা, কার্বন ক্রেডিট, কার্বন নিঃসরণ হ্রাস এবং সবুজ অর্থনীতির সম্প্রসারণ নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

পরিবেশমন্ত্রী বলেন, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশ ও ভারতের পরিবেশগত স্বার্থ একে অপরের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত। জলবায়ু পরিবর্তন, বন্যা, খরা, নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনা, বায়ুদূষণ কিংবা জীববৈচিত্র্য ক্ষয়ের মতো সংকট কোনো একটি দেশের একার সমস্যা নয়। এই চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক আস্থা, তথ্য ও অভিজ্ঞতা বিনিময় এবং কার্যকর আঞ্চলিক সহযোগিতা আরও সম্প্রসারণের পরামর্শ দেন তিনি।

আবদুল আউয়াল মিন্টু জানান, পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে ভারতের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী বাংলাদেশ। দুই দেশের জনগণের কল্যাণ এবং টেকসই ভবিষ্যৎ নিশ্চিতের কথা বিবেচনা করে পরিবেশ ও জলবায়ু খাতে সহযোগিতা আগামী দিনে আরও গভীর ও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...