ঢাকায় ২৯ অক্টোবর শুরু হচ্ছে তিনদিনের পর্যটন মেলা, অংশ নেবে ২০টির বেশি দেশ

প্রাইম বার্তা অনলাইন
০৭ সেপ্টেম্বর ২০২৬ ৬:২৩ পিএম
ঢাকায় ২৯ অক্টোবর শুরু হচ্ছে তিনদিনের পর্যটন মেলা, অংশ নেবে ২০টির বেশি দেশ

দেশের পর্যটনখাতের অন্যতম বড় আয়োজন বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) শুরু হচ্ছে আগামী ২৯ অক্টোবর। ২৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত তিনদিন রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) চলবে এই মেলা। এবারের আয়োজনে যুক্ত হচ্ছেন ২০টির বেশি দেশের জাতীয় ও আন্তর্জাতিক পর্যটন অংশীজন।

আয়োজকদের ধারণা, মেলায় সাজানো হবে দুইশোর বেশি বুথ ও স্টল। অংশ নেবেন ২২০ এক্সিবিটর, ২৫০ কোয়ালিফাইড বায়ার, ২,৫০০ ট্রেড ভিজিটর এবং আসবেন ৬০ হাজারের বেশি দর্শনার্থী। চারটি থিমভিত্তিক প্রদর্শনী হলে ২০০-র বেশি এয়ারলাইনস, হোটেল ও ট্যুর অপারেটর নিজেদের সেবা তুলে ধরবে। এতে ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য মেলাটি হয়ে উঠবে বৃহৎ এক প্ল্যাটফর্ম বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

মেলার আয়োজনের দায়িত্বে রয়েছে দেশের পর্যটনশিল্পের শীর্ষ সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)। সোমবার (৭ সেপ্টেম্বর) ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে এক সংবাদ সম্মেলনে বিটিটিএফ ২০২৬-এর রূপরেখা ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টোয়াব সভাপতি মোহাম্মদ হানিফ। এবারের আয়োজনের টাইটেল স্পন্সর ইউএস-বাংলা এয়ারলাইনস।

মেলায় সার্বিক সহায়তা দিচ্ছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ), বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ ও এফবিসিসিআই। এর পাশাপাশি প্লাটিনাম হসপিটালিটি পার্টনার হিসেবে থাকছে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট, পিআর পার্টনার ওপাস কমিউনিকেশনস লিমিটেড, টেকনোলোজি পার্টনার এম৩৬০আইসিটি এবং ট্রান্সপোর্ট পার্টনার কনভয় সার্ভিস।

নেপাল, ভারত, সিঙ্গাপুর, মালদ্বীপ ও ফিলিপাইনের প্রতিনিধিরা ইতিমধ্যেই মেলায় অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। টোয়াব জানিয়েছে, পর্যটনখাতের অগ্রগতি, নতুন ব্যবসায়িক সম্ভাবনা তৈরি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা আরও সম্প্রসারণই এ আয়োজনের মূল লক্ষ্য।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...