সংখ্যা নয়, মানসম্মত কানেক্টিভিটিই এখন বাংলাদেশের লক্ষ্য: মন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
০৭ সেপ্টেম্বর ২০২৬ ৪:৫৬ পিএম
সংখ্যা নয়, মানসম্মত কানেক্টিভিটিই এখন বাংলাদেশের লক্ষ্য: মন্ত্রী

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে মূল উদ্দেশ্য এখন শুধু সংযোগের পরিধি বাড়ানো নয়; বরং মানসম্পন্ন, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য অর্থবহ কানেক্টিভিটি নিশ্চিত করা। তিনি সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের গ্র্যান্ড বলরুমে এশিয়া-প্যাসিফিক টেলিকমিউনিটির (এপিটি) ওয়্যারলেস গ্রুপের ৩৭তম সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ অবস্থান ব্যক্ত করেন।

দেশের প্রযুক্তি অবকাঠামোর হালনাগাদ চিত্র তুলে ধরে মন্ত্রী জানান, ২০২৬ সালের জুলাই পর্যন্ত বাংলাদেশে মোবাইল সাবস্ক্রিপশনের সংখ্যা প্রায় ১৯১ মিলিয়নে পৌঁছেছে। এর মধ্যে ১০৮ মিলিয়নের বেশি ব্যবহারকারী ফোর-জি সেবা ভোগ করছেন। এছাড়া দেশজুড়ে ৪৯ হাজারের বেশি ফোর-জি সাইট, প্রায় ৪৬ হাজার টাওয়ার এবং ১ লাখ ৭৩ হাজার কিলোমিটার দীর্ঘ ফাইবার অপটিক নেটওয়ার্ক গড়ে উঠেছে বলেও তিনি উল্লেখ করেন।

সরকারের অগ্রাধিকার সম্পর্কে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্রুতগতির নির্ভরযোগ্য ইন্টারনেট সম্প্রসারণ, জাতীয় ও আন্তর্জাতিক ডিজিটাল অবকাঠামো মজবুত করা, সুস্থ প্রতিযোগিতা নিশ্চিত করা এবং টেলিযোগাযোগ সেবা আরও সাশ্রয়ী করার প্রতি সরকার অঙ্গীকারবদ্ধ। পাশাপাশি এআই, সাইবার নিরাপত্তা, সফটওয়্যার, হার্ডওয়্যার ও ফাইভ-জির মতো ভবিষ্যৎ প্রযুক্তিতে দক্ষতা বাড়িয়ে বৈশ্বিক ডিজিটাল অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান সুসংহত করতে চায় দেশ। এডব্লিউজিকে তিনি আন্তর্জাতিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় ও ভবিষ্যৎ ওয়্যারলেস প্রযুক্তির প্রস্তুতির গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে অভিহিত করে সভাটির সফল আয়োজন কামনা করেন।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি বলেন, টেলিযোগাযোগ খাত দ্রুতগতিতে বদলে যাচ্ছে। নতুন প্রযুক্তির সুফল জনগণের কাছে পৌঁছাতে সময়োপযোগী নীতিমালা, আধুনিক অবকাঠামো, দক্ষতা উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য। এপিটির সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সহযোগিতা জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মর্মে তিনি আশা করেন, এই সভার মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...