চালের ড্রামে লুকানো ছিল চোরাই স্বর্ণ বিক্রির ১৫ লাখ টাকা, গ্রেফতার ৭

প্রাইম বার্তা অনলাইন
০৪ সেপ্টেম্বর ২০২৬ ৭:১১ পিএম
চালের ড্রামে লুকানো ছিল চোরাই স্বর্ণ বিক্রির ১৫ লাখ টাকা, গ্রেফতার ৭

চট্টগ্রাম নগরীর আকবরশাহে দরজার হুক কেটে বাসায় ঢুকে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে একটি সুসংগঠিত চক্রের সাত জনকে আটক করেছে মহানগর পুলিশ। এ সময় চুরি হওয়া স্বর্ণালংকার বিক্রির ১৫ লাখ ১১ হাজার ৮০০ টাকা, সাত ভরি ওজনের সোনার গয়নাসহ নানা মালামাল উদ্ধার করা হয়েছে। জানা গেছে, ওই টাকাগুলো বিশেষ কায়দায় চালের ড্রামের ভেতরে পলিথিনে মুড়ে লুকিয়ে রাখা হয়েছিল।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার মো. আলমগীর হোসেন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য প্রকাশ করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই দুপুরে আকবরশাহ থানার সিটি গেট এলাকার এক ব্যবসায়ীর বাসায় চোরেরা ঢুকে পড়ে। ব্যবসায়ী মো. আলমগীর মিয়া তখন স্ত্রীকে নিয়ে হাসপাতালে অবস্থান করছিলেন। দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টার মধ্যে দরজার হুক কেটে ঘরে প্রবেশ করে চোরেরা আলমারি ভেঙে সোনার গয়না, নগদ টাকা, সৌদি রিয়াল ও একটি আইফোন নিয়ে যায়। একই কায়দায় সংলগ্ন আরেকটি বাসা থেকেও নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইলফোন চুরি হয়।

ভুক্তভোগী আলমগীর মিয়া বাদী হয়ে ৩১ জুলাই আকবরশাহ থানায় মামলা দায়ের করেন। তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোপন খবরের সহায়তায় চক্রের সদস্যদের চিহ্নিত করে পুলিশ। ৬ আগস্ট ডবলমুরিং থানা এলাকায় অভিযানে জসিম উদ্দিন ওরফে জসিম ও মোস্তাকিন হোসেন মিঠুকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যে ৭ আগস্ট কোতোয়ালি থানা এলাকা থেকে সেতু দাস ওরফে সালাউদ্দিন, মোহাম্মদ আলী ও দেবব্রত বণিক ওরফে বলাই বণিককে আটক করা হয়। এরপর ১০ আগস্ট ডবলমুরিং থেকে মো. ইসমাইল এবং ১৯ আগস্ট ফারজানা বেগমকে গ্রেফতার করা হয়।

রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর মোহাম্মদ আলীর তথ্য ও শনাক্তের ভিত্তিতে তার বাসায় অভিযান চালিয়ে চালের ড্রামের ভেতরে পলিথিনে লুকানো ১৫ লাখ ১১ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। এ সময় স্বর্ণ মাপার একটি নিক্তি ও একটি স্যামসাং মোবাইলফোনও জব্দ হয়। এছাড়া তার দেওয়া তথ্যমতে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকার তাঁতীবাজার এলাকায় অভিযানে দুটি নেকলেস, তিনটি চেইন, এক জোড়া কানের দুল ও একটি আংটিসহ মোট সাত ভরি সোনার গয়না এবং আরেকটি স্যামসাং মোবাইলফোন উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া নগদ অর্থ, সোনার গয়না ও মোবাইলফোন জব্দ তালিকায় রাখা হয়েছে। তদন্ত এগিয়ে নিয়ে চক্রের অন্য সংশ্লিষ্টদের সনাক্ত করার কাজও চলছে বলে জানিয়েছে সিএমপি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...