ভূমিসেবায় স্বচ্ছতা আনতে ৬১ জেলায় মতামত বাক্স ও সিসি ক্যামেরার নির্দেশ

প্রাইম বার্তা অনলাইন
০৪ সেপ্টেম্বর ২০২৬ ৬:৪১ পিএম
ভূমিসেবায় স্বচ্ছতা আনতে ৬১ জেলায় মতামত বাক্স ও সিসি ক্যামেরার নির্দেশ

দেশের ৬১টি জেলা ভূমিসেবা কেন্দ্রে মতামত বাক্স, সিসি ক্যামেরা এবং সচেতনতামূলক ব্যানার স্থাপনের নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। নাগরিকদের প্রাপ্য সেবাকে আরও সহজ, জনবান্ধব ও গুণগত পর্যায়ে নিয়ে যাওয়াই এই উদ্যোগের লক্ষ্য। বুধবার (২ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের ডিজিটালাইজেশন, নলেজ ম্যানেজমেন্ট ও পারফরমেন্স (ডিকেএমপি) অনুবিভাগ থেকে ৬১ জেলার জেলা প্রশাসকদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।

নির্দেশনায় জানানো হয়েছে, নাগরিকদের বিনামূল্যে ভূমিসেবা সহায়তা পৌঁছে দিতে ভূমি মন্ত্রণালয়ের পাশাপাশি ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহায়তায় এরই মধ্যে ৬১টি জেলায় জেলা ভূমিসেবা কেন্দ্র চালু করা হয়েছে। কেন্দ্রগুলোর সুষ্ঠু পরিচালনার জন্য ‘জেলা ভূমিসেবা কেন্দ্র ব্যবস্থাপনা নির্দেশিকা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে। সেই নির্দেশিকা মেনে সেবার মান ও সেবাগ্রহীতাদের সন্তুষ্টি নিশ্চিতে কয়েকটি পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হয়েছে জেলা প্রশাসকদের।

সব কেন্দ্রের দৃশ্যমান জায়গায় একটি করে মতামত বাক্স রাখতে হবে, যেখানে নাগরিকরা লিখিতভাবে অভিযোগ, পরামর্শ বা সেবা সংক্রান্ত মতামত জানাতে পারবেন। সাপ্তাহিক ভিত্তিতে সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তা বাক্সটি খুলে অভিযোগ ও পরামর্শ যথাযথভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন এবং সারসংক্ষেপ কেন্দ্র পরিচালকের কাছে পেশ করবেন। এছাড়া কেন্দ্রের অভ্যন্তরে ও প্রবেশপথে ভূমিসেবা বিষয়ক ব্যানার, ফেস্টুন ও পোস্টার প্রদর্শনের কথাও বলা হয়েছে।

সেবাপ্রার্থীদের আরও নাগালের মধ্যে রাখতে সম্ভব হলে কেন্দ্রগুলোতে কিয়স্ক মেশিন স্থাপন করতে বলা হয়েছে। এসব মেশিনের মাধ্যমে নাগরিকরা তথ্য অনুসন্ধান, টোকেন গ্রহণ ও প্রাথমিক তথ্য সংগ্রহের সুবিধা পাবেন। সরকারের আশা, এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে ভূমিসেবা কেন্দ্রগুলো হবে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও নাগরিকবান্ধব।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...