ভ্রমণপ্রেমীদের উৎসব! ইন্টারকন্টিনেন্টালে চলছে আন্তর্জাতিক পর্যটন মেলা

প্রাইম বার্তা অনলাইন
০৪ সেপ্টেম্বর ২০২৬ ৬:০৫ পিএম
ভ্রমণপ্রেমীদের উৎসব! ইন্টারকন্টিনেন্টালে চলছে আন্তর্জাতিক পর্যটন মেলা

দেশের পর্যটনখাতকে বিশ্ববাজারের সঙ্গে যুক্ত করার বড় উদ্যোগ নিয়ে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা। বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশনের (বোটোয়া) আয়োজনে চলমান এই মেলা শনিবার (৫ সেপ্টেম্বর) পর্যন্ত অব্যাহত থাকবে।

উদ্বোধনের প্রথম দিনেই স্টলের সামনে ভিড় জমে উঠেছে ভ্রমণপ্রেমীদের। কেউ স্বপ্নের গন্তব্যে ঘোরার প্যাকেজ খুঁজছেন, কেউ জানাচ্ছেন বিমান টিকিটের ভাড়া, হোটেল-রিসোর্ট বুকিং কিংবা ভিসা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য। একাধিক প্রতিষ্ঠানের সেবা ও অফার তুলনা করে নিজের বাজেট ও পছন্দ অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছেন দর্শনার্থীরা।

মেলায় স্থান পেয়েছে দেশ-বিদেশের বিভিন্ন ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি, এয়ারলাইনস, ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি ও পর্যটন সংস্থা। স্টলগুলোতে সাজানো হয়েছে নানা গন্তব্যের ট্যুর প্যাকেজ, বিমান টিকিট, আবাসন বুকিং, ভিসা সহায়তা এবং আকর্ষণীয় ছাড়। বোটোয়া জানিয়েছে, এবারের ট্রাভেল মার্টে প্রায় ১০০ প্রদর্শক, ৬০ জন ট্রেড বায়ার এবং ১৫ হাজার দর্শনার্থীর অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে।

আয়োজকেরা বলছেন, এ আয়োজনের মূল লক্ষ্য বাংলাদেশের পর্যটন ব্যবসাকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে আরও কার্যকরভাবে সংযুক্ত করা এবং দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সরাসরি ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা। একই সঙ্গে বিদেশি অতিথিদের সামনে বাংলাদেশের পর্যটন সম্ভাবনা তুলে ধরার সুযোগও তৈরি হবে।

বোটোয়া সভাপতি সৈয়দ গোলাম মোহাম্মদ বলেন, ‘বাংলাদেশ ট্রাভেল মার্টকে আমরা শুধু একটি প্রদর্শনী হিসেবে দেখছি না। এটি বাংলাদেশের পর্যটন ব্যবসার সঙ্গে আন্তর্জাতিক পর্যটন বাজারের সরাসরি সংযোগ তৈরির একটি প্ল্যাটফর্ম।’ তার আরও বক্তব্য, দেশের পর্যটন খাতে রয়েছে বিপুল সম্ভাবনা। আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ বাড়ানো গেলে পর্যটন, হাসপাতাল ও এভিয়েশন খাতে নতুন বাজার, বিনিয়োগ ও সহযোগিতার দরজা খুলবে।

শনিবার পর্যন্ত চলা এই মেলা ব্যবসায়িক আলোচনা ও সম্ভাব্য চুক্তির মাধ্যমে দেশের পর্যটন খাতে নতুন গতি আনতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের আশা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...