ডেমরায় মোবাইল ফোনে ডেকে নিয়ে অটোচালককে পিটিয়ে হত্যার অভিযোগ, এক যুবক আটক
রাজধানী ঢাকার ডেমরার কামারগোপ এলাকা থেকে দেলোয়ার হোসেন দেলু (৪৫) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য তা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের মেয়ের অভিযোগ, স্থানীয় এক যুবক মোবাইল ফোনে ডেকে নিয়ে তার বাবাকে প্রাণ নিয়েছে।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) শীতল কুমার জানান, সংবাদ পাওয়ার পর শুক্রবার সকাল ৭টার দিকে কামারগোপ এলাকার একটি জমির ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় দেলোয়ারের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুষ্কৃতকারীরা ইট ও লাঠি দিয়ে মারপিট করে তাকে হত্যা করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
নিহতের মেয়ে লামিয়া জানান, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এলাকার রনি (২৫) নামের এক যুবক মোবাইল ফোনে কল করে তার বাবাকে বাসা থেকে বের করে নিয়ে যায়। এরপর তাকে পিটিয়ে হত্যা করা হয়। তবে হত্যাকাণ্ডের পেছনে কী কারণ ছিল তা নিয়ে কিছু বলতে পারেননি তিনি।
লামিয়া বলেন, রনি মাদকের ব্যবসা করে এবং সে নিজেও মাদকাসক্ত। এ ঘটনার পর তাকে পুলিশ আটক করে থানা হেফাজতে নিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রকৃত কারণ জানা গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

