সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীন বৈঠক, নতুন উচ্চতার প্রত্যয়

প্রাইম বার্তা অনলাইন
০৩ সেপ্টেম্বর ২০২৬ ৫:২১ পিএম
সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীন বৈঠক, নতুন উচ্চতার প্রত্যয়

বাংলাদেশ ও চীনের মধ্যে প্রতিরক্ষা খাতের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর ও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে দুই দেশের বিদ্যমান সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে উভয় পক্ষ মতবিনিময় করেন। এছাড়া সশস্ত্র বাহিনীর সদস্যদের উন্নত পেশাগত প্রশিক্ষণ, সামরিক শিক্ষা বিনিময় এবং প্রযুক্তিগত সক্ষমতা সম্প্রসারণ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। সমকালীন সামরিক চ্যালেঞ্জ মোকাবিলায় অভিজ্ঞতা বিনিময় ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়ানোর মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে উভয় দিক থেকেই আশাবাদ ব্যক্ত করা হয়।

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধুত্ব ও কৌশলগত অংশীদারত্বের কথা তুলে ধরেন। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় চীনের গুরুত্বপূর্ণ সহযোগিতার প্রসঙ্গ স্মরণ করে ভবিষ্যতে এই সহযোগিতা আরও বিস্তৃত হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করেন তিনি।

অন্যদিকে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের প্রতিরক্ষা খাতের আধুনিকায়নে চীনের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেন। সাক্ষাৎ শেষে উভয় পক্ষই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট প্রতিরক্ষা সহযোগিতাকে আগামী দিনে আরও নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...