মিথ্যা মামলা ও সাইবার অপরাধ দমনে পুলিশের প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা

প্রাইম বার্তা অনলাইন
০৩ সেপ্টেম্বর ২০২৬ ৩:৩৩ পিএম
মিথ্যা মামলা ও সাইবার অপরাধ দমনে পুলিশের প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা

দেশে আইনশৃঙ্খলা বজায় রাখা ও অপরাধ প্রতিরোধে পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা আর পেশাদার মনোভাব নিয়ে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে পুলিশ প্রধান (আইজিপি) মো. আলী হোসেন ফকির রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য বৈঠকে মিলিত হলে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে আইনের শাসন প্রতিষ্ঠায় জরুরি ভিত্তিতে যথাযথ উদ্যোগ নিতে পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি সুনির্দিষ্ট নির্দেশনা দেন রাষ্ট্রপতি। অপপ্রচার, ভুয়া তথ্য ও গুজব ছড়ানোর মতো সাইবার অপরাধ, ছিনতাই, চাঁদাবাজি ও মাদকের ছড়িয়ে পড়া রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। এসব বিষয়ে জনগণকে নিয়মিত অবহিত রাখা এবং ব্যাপক প্রচারণা চালানোর পরামর্শ দেন তিনি।

বর্তমান সরকার মানুষের মৌলিক মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করছে উল্লেখ করে রাষ্ট্রপতি বিচারবহির্ভূত হত্যা, জনগণের ওপর হযরানি এবং ভুয়া মামলা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখতে পুলিশের প্রতি অনুরোধ জানান।

সাক্ষাতকালে পুলিশ বাহিনীর মনোবল ধরে রাখা এবং বাহিনীর আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনে গৃহীত নানা উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন আইজিপি মো. আলী হোসেন ফকির। দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতাও তিনি কামনা করেন। এসময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...