হুইলচেয়ারে সংসদে মির্জা আব্বাস, স্পিকার-এমপিদের করতালিতে স্বাগত
চিকিৎসা শেষে দেশে ফেরার পর প্রথমবারের মতো ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে হুইলচেয়ারে করে তিনি সংসদ ভবনে প্রবেশ করেন। দীর্ঘ পাঁচ মাস পর হলে তার উপস্থিতি ঘিরে পুরো অধিবেশন পেয়ে যায় আলাদা আয়োজনের ভাব।
হুইলচেয়ারে অধিবেশন হলে ঢুকতেই উপস্থিত সংসদ সদস্যরা দাঁড়িয়ে করতালির মধ্য দিয়ে তাকে অভ্যর্থনা জানান। এ সময় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাকে আনুষ্ঠানিক স্বাগত জানিয়ে বলেন, ‘দীর্ঘ পাঁচ মাস পর মির্জা আব্বাস সাহেব সংসদে এসেছেন। আমরা তাকে ধন্যবাদ জানাই।’
জানা যায়, গত সাড়ে পাঁচ মাস ধরে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসাধীন ছিলেন সিনিয়র এই রাজনীতিবিদ। বিদেশে দীর্ঘ চিকিৎসা সেরে সম্প্রতি তিনি স্বদেশে প্রত্যাবর্তন করেন। দেশে ফেরার পর এটাই তার প্রথম উপস্থিতি সংসদ অধিবেশনে।
দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা এই নেতার সংসদে ফেরাকে ঘিরে এমপিদের আন্তরিক করতালি ও স্পিকারের শুভেচ্ছা দিনটিকে করে তোলে তাৎপর্যপূর্ণ। সুস্থ হয়ে সরকারি দায়িত্বে সক্রিয় হওয়ার এই সূচনাকে রাজনৈতিক মহলে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে প্রত্যাশা করা যায়, সামনে নিয়মিতই অধিবেশনে অংশ নেবেন তিনি।

